ড্রিমল্যান্ড পার্ক (Dreamland Amusement and Water Park) সিলেট জেলায় অবস্থিত একটি আধুনিক থিম ও ওয়াটার পার্ক। এই পার্কটি প্রায় ১০০ একর জায়গা জুড়ে অবস্থিত। ড্রিমল্যান্ড পার্কে রোমাঞ্চকর সব আধুনিক ড্রাই রাইডের পাশাপাশি চমৎকার ওয়াটার পার্ক রয়েছে। এই বৈচিত্র্যময় রূপ ও সুযোগ-সুবিধা পার্কে ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের মুগ্ধ ও বিমোহিত করে তোলে।
আপনি কি পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান? তবে ড্রিমল্যান্ড পার্ক হতে পারে আপনার জন্য আকর্ষণীয় একটি ভ্রমণস্থান। এই আর্টিকেল থেকে আমরা জানব ড্রিমল্যান্ড পার্ক কোথায় অবস্থিত এবং এখানে কীভাবে যাব। পাশাপাশি পার্কে প্রবেশের টিকিট মূল্য ও কোথায় থাকব ইত্যাদি ভ্রমণবিষয়ক সকল তথ্য নিয়ে আলোচনা করব। ভ্রমণস্থান সম্পর্কে জানতে এবং ভ্রমণকে সহজ করতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন।
ড্রিমল্যান্ড পার্ক কোথায় অবস্থিত?
ড্রিমল্যান্ড পার্ক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে অবস্থিত। সিলেট মূল শহর (কদমতলী পয়েন্ট বা হুমায়ুন রশীদ চত্বর) থেকে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার দূরে ড্রিমল্যান্ড পার্ক। এটি সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ঠিক পাশেই গড়ে উঠেছে। ঢাকা থেকে সড়কপথে সিলেটের দূরত্ব প্রায় ২৩৪ কিলোমিটার।
ড্রিমল্যান্ড পার্কে কী কী রাইড আছে?
ড্রিমল্যান্ড পার্কে শিশু, বড়দের পাশাপাশি পরিবারের সদস্যদের উপভোগ করার মতো বিভিন্ন ধরনের বিনোদনমূলক রাইড রয়েছে। এখানে রোমাঞ্চকর ড্রাই রাইডের পাশাপাশি শিশুদের জন্যও আলাদা বিনোদনের ব্যবস্থা রয়েছে।
পার্কে বিভিন্ন সময়ে চালু থাকা রাইডের মধ্যে রয়েছে রোলার কোস্টার, বাম্পার কার, স্কাই ট্রেনসহ বিভিন্ন আকর্ষণীয় রাইড। এসব রাইডে চড়তে সাধারণত প্রবেশ টিকিটের বাইরে আলাদা মূল্য দিতে হয়। তবে রাইডের প্রাপ্যতা, বয়স ও উচ্চতাসংক্রান্ত শর্ত এবং টিকিটের মূল্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
ড্রিমল্যান্ড ওয়াটার পার্কে কী কী সুবিধা আছে?
ড্রিমল্যান্ড পার্কের অন্যতম আকর্ষণ হলো এর ওয়াটার পার্ক। এখানে পানিতে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়াটার রাইড ও স্লাইড উপভোগ করার সুযোগ রয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে গরমের দিনে আনন্দময় সময় কাটানোর জন্য ওয়াটার পার্কটি বেশ আকর্ষণীয়।
ওয়াটার পার্কে প্রবেশের জন্য আলাদা টিকিট অথবা নির্দিষ্ট প্যাকেজের প্রয়োজন হতে পারে। তাই যাওয়ার আগে ওয়াটার পার্কের প্রবেশমূল্য, চালু থাকার সময় এবং পোশাক পরিবর্তন ও লকার ব্যবহারের সুবিধা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেওয়া ভালো।
প্রবেশের টিকিট মূল্য কত?
- ড্রিমল্যান্ড পার্কের জনপ্রতি প্রবেশ মূল্য ১৫০ টাকা।
ড্রিমল্যান্ড পার্কের প্যাকেজ অফার
ড্রিমল্যান্ড পার্কে প্রবেশ টিকিট, বিভিন্ন রাইড ও খাবারসহ কয়েকটি আকর্ষণীয় প্যাকেজ রয়েছে। দর্শনার্থীরা নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী নিচের প্যাকেজগুলো বেছে নিতে পারবেন।
প্যাকেজ-১: ২৯০ টাকা
– পার্কে প্রবেশ টিকিট
– ৩টি রাইড: ৩ডি মুভি, সুপার চেয়ার ও ভাইকিং বোট
– ১টি ভেজিটেবল রোল
– ২০০ মিলিলিটার পানির বোতল
প্যাকেজ-২: ৩৩০ টাকা
– পার্কে প্রবেশ টিকিট
– ২টি রাইড
– স্কাই ট্রেইল ও ৩ডি মুভি
– ১টি ডিম-স্যান্ডউইচ
– ২০০ মিলিলিটার পানির বোতল
প্যাকেজ-৩: ২৭০ টাকা
– পার্কে প্রবেশ টিকিট
– ২টি রাইড
– ৩ডি মুভি ও প্যারাটুপার
– ১টি ডিম-স্যান্ডউইচ
– ২০০ মিলিলিটার পানির বোতল
বিশেষ দ্রষ্টব্য: প্যাকেজের মূল্য, খাবার ও রাইডের সুবিধা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের আগে সর্বশেষ প্যাকেজ সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
যাবেন কীভাবে?
ঢাকা থেকে সিলেট
বাসে
ঢাকার গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বা ফকিরাপুল বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে এসি ও নন-এসি বাস ছেড়ে যায়। যেমন: হানিফ এন্টারপ্রাইজ, লন্ডন এক্সপ্রেস, গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী পরিবহন এবং এনা পরিবহনের বাস চলাচল করে। সাধারণত নন-এসি বাস ভাড়া ৭০০-৮৫০ টাকা এবং এসি বাস ভাড়া ১৫০০-২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ট্রেনে
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পারাবত, জয়ন্তিকা, উপবন বা কালনী এক্সপ্রেস ট্রেনে চড়ে সরাসরি সিলেটের রেলওয়ে স্টেশনে যেতে পারবেন।
বিমানে
ঢাকা থেকে দ্রুত সময়ে পৌঁছাতে চাইলে বিমানে ভ্রমণ বেছে নিতে পারেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, এয়ার অ্যাস্ট্রা এবং নভোএয়ার বিমান নিয়মিত যাত্রা করে।
চট্টগ্রাম থেকে সিলেট
চট্টগ্রাম থেকে খুব সহজেই বাস, ট্রেন কিংবা বিমানে করে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেন নিয়মিত যাত্রা করে। এছাড়া চট্টগ্রামের দামপাড়া, এ কে খান কাউন্টার বা অলঙ্কার মোড় থেকে গ্রিন লাইন, লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস এবং এনা পরিবহনের বাসে চড়ে সিলেটে পৌঁছাতে পারবেন।
সিলেট থেকে ড্রিমল্যান্ড পার্ক
সিলেট শহর (কদমতলী বা শিবগঞ্জ) থেকে রিজার্ভ সিএনজি, অটোরিকশা কিংবা প্রাইভেট কার নিয়ে সরাসরি ড্রিমল্যান্ড পার্কে আসা যায়। সিলেটের কদমতলী পয়েন্ট বা শহরের বিভিন্ন স্থান থেকে জকিগঞ্জ রুটের লোকাল বাস, লেগুনা বা সিএনজিতে চড়ে খুব সহজেই পার্কে যাওয়া যায়। এক্ষেত্রে সাধারণত জনপ্রতি লোকাল বাস ভাড়া ১৫-২০ টাকা এবং লেগুনা বা সিএনজি ভাড়া ১৫-২৫ টাকার মতো লাগতে পারে।
এছাড়া সিলেটের আম্বরখানা বা দরগাহ গেট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে ২৫০ থেকে ৪০০ টাকা ভাড়া দিয়ে সরাসরি পার্কে যেতে পারবেন। কদমতলী বা শিবগঞ্জ থেকে রিজার্ভ সিএনজি ১৫০-২৫০ টাকার মধ্যে পাওয়া যায়।
ড্রিমল্যান্ড পার্ক খোলার সময় ও বন্ধের দিন
ড্রিমল্যান্ড পার্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পার্কটি সপ্তাহের সাত দিনই সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। তবে ওয়াটার পার্ক সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকে। তাই ওয়াটার রাইড উপভোগ করতে চাইলে বিকেলের আগেই পার্কে পৌঁছানো ভালো।
বিশেষ ছুটির দিন, আবহাওয়া কিংবা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণের আগে পার্কের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি নিশ্চিত করে নিন।
থাকবেন কোথায়?
সিলেটের লালাবাজার ও বন্দরবাজার এলাকায় ৪০০-১০০০ টাকার মধ্যে হোটেল পাওয়া যায় (যেমন: হোটেল গুলশান, সুরমা, হিল টাউন) ইত্যাদি। এছাড়া দরগাহ গেট বা দরগাহ রোড এলাকায় হোটেল আল আরব, উর্মি, কায়কোবাদ, পায়রা এবং দরগাহ গেট ইত্যাদি হোটেলে আপনার বাজেট ও সুবিধা অনুযায়ী রাত্রিযাপন করতে পারবেন।
ড্রিমল্যান্ড পার্কে যাওয়ার আগে যা জানা প্রয়োজন
ড্রিমল্যান্ড পার্ক ভ্রমণের পরিকল্পনা করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো।
- ওয়াটার পার্ক উপভোগ করতে চাইলে প্রয়োজনীয় অতিরিক্ত পোশাক সঙ্গে রাখুন।
- ওয়াটার পার্কের টিকিট ও প্যাকেজ মূল্য আগে থেকে জেনে নিন।
- রাইডের টিকিট সাধারণ প্রবেশ টিকিটের অন্তর্ভুক্ত কি না, তা নিশ্চিত করুন।
- শিশুদের নিয়ে গেলে রাইড ব্যবহারের বয়স ও উচ্চতাসংক্রান্ত নিয়ম জেনে নিন।
- ওয়াটার পার্ক উপভোগ করতে চাইলে দিনের প্রথম ভাগে পৌঁছানোর চেষ্টা করুন।
- ছুটির দিন বা বিশেষ উৎসবে যাওয়ার আগে পার্কের খোলার সময় ও রাইড চালু থাকার বিষয়টি নিশ্চিত করুন।
ড্রিমল্যান্ড পার্ক সম্পর্কে সাধারণ প্রশ্ন
১. ড্রিমল্যান্ড পার্ক কোথায় অবস্থিত?
ড্রিমল্যান্ড পার্ক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে অবস্থিত।
২. ড্রিমল্যান্ড পার্কের প্রবেশ টিকিট কত টাকা?
প্রকাশিত ভ্রমণতথ্য অনুযায়ী, ড্রিমল্যান্ড পার্কের জনপ্রতি প্রবেশ টিকিট ১৫০ টাকা। তবে টিকিটের মূল্য পরিবর্তিত হতে পারে। যাওয়ার আগে কর্তৃপক্ষের কাছে বর্তমান মূল্য নিশ্চিত করুন।
৩. ড্রিমল্যান্ড পার্ক সপ্তাহে কয় দিন খোলা থাকে?
পার্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ড্রিমল্যান্ড পার্ক সপ্তাহের সাত দিনই খোলা থাকে।
৪. ড্রিমল্যান্ড পার্ক কখন খোলা হয়?
পার্কটি প্রতিদিন সকাল ১১টায় খোলে এবং রাত ৮টা পর্যন্ত চালু থাকে। ওয়াটার পার্ক সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।
৫. ড্রিমল্যান্ড পার্কে কি ওয়াটার পার্ক আছে?
হ্যাঁ, ড্রিমল্যান্ড পার্কে আলাদা ওয়াটার পার্ক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পানির রাইড ও স্লাইড উপভোগ করার সুযোগ রয়েছে।
৬. সিলেট শহর থেকে ড্রিমল্যান্ড পার্ক কত দূরে?
সিলেট শহরের কেন্দ্রস্থল থেকে ড্রিমল্যান্ড পার্কের দূরত্ব আনুমানিক ১০–১৫ কিলোমিটার। যাত্রার স্থান ও রাস্তার ওপর দূরত্ব নির্ভর করে।
৭. ড্রিমল্যান্ড পার্কে যোগাযোগের নম্বর কত?
পার্কের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগের নম্বর হিসেবে 019760-00463 দেওয়া রয়েছে।
আশেপাশের দর্শনীয় স্থান
- কীন ব্রিজ
- আলি আমজাদেরর ঘড়ি
- মালনীছড়া চা বাগান










