তারা মসজিদ (Star Mosque) ঢাকার আরমানিটোলা এলাকায় আবুল খয়রাত সড়কে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য। এটি অনেকের কাছে সিতারা মসজিদ ও মির্জা গোলাম পীরের মসজিদ নামেও পরিচিত। মসজিদের সাদা মার্বেল পাথরে নীল তারার নকশা এবং ঐতিহ্যবাহী চিনি-টিকরি মোজাইক শিল্পের কাজ পর্যটকদের মুগ্ধ করে।
এই আর্টিকেল থেকে আমরা জানবো তারা মসজিদের ইতিহাস এবং এখানে কি কি দেখবেন? পাশাপাশি কিভাবে যাবেন ইত্যাদি ভ্রমণবিষয়ক সকল তথ্য তুলে ধরা হবে।
তারা মসজিদের ইতিহাস
তারা মসজিদের দেয়ালে কোনো শিলালিপি বা তৈরির নির্দিষ্ট সময় উল্লেখ না থাকায় নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮ শতকের প্রথম দিকে ঢাকার তৎকালীন জমিদার মির্জা গোলাম পীর মসজিদটি নির্মাণ করেন। শুরুর দিকে এটি মূলত ৩টি গম্বুজ বিশিষ্ট একটি ছোট ও আয়তাকার মসজিদ ছিল। যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩৩ ফুট ও ১২ ফুট ছিল।
পরবর্তীতে ১৯২৬ সালে স্থানীয় ব্যবসায়ী আলী জান বেপারী মসজিদটির সংস্কারের কাজ শুরু করেন। এই সময় মসজিদটির পূর্বদিকে নতুন বারান্দা যুক্ত করা হয়। মসজিদটির দেয়ালে ও মেঝেতে ‘চিনি-টিকরি’ কৌশলের মোজাইক করা হয়।
সর্বশেষে, মসজিদটি পুনরায় সংস্কার ও সম্প্রসারণ করা হয় ১৯৮৭ সালে। সংস্কারে মসজিদের পুরোনো মেহরাবটি ভেঙে ফেলা হয় এবং নতুনভাবে ২টি গম্বুজ ও ৩টি মেহরাব যুক্ত করা হয়। এছাড়া দেয়ালে ফুল, চাঁদ, তারা ও আরবি ক্যালিওগ্রাফির নকশা শোভা পেয়েছে। বর্তমানে তারা মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৭০ এবং ২৬ ফুট।
তারা মসজিদে কি দেখবেন?
তারা মসজিদটি ৩টি গম্বুজ বিশিষ্ট হলেও বর্তমানে এতে ৫টি চমৎকার গম্বুজ এবং ৪টি মিনার আছে। গম্বুজগুলোর গায়ে নীল রঙের তারা খচিত সাদা বৃত্তাকার নকশাও রয়েছে। মসজিদের সম্পূর্ণ জায়গা জুড়ে গাঢ় নীল রঙের তারা খচিত সাদা মার্বেল পাথর এবং জাপানি রঙিন ‘চিনিটিকরি’ শিল্পকর্ম ফুটে উঠেছে। চিনিটিকরি হচ্ছে চীনামাটির টুকরো ও কাচের সংমিশ্রণে করা এক ধরনের ঐতিহ্যবাহী মোজাইক শিল্প।
এছাড়া সমস্ত মসজিদের নকশায় বিশেষভাবে চোখে পড়ে তারার ‘মোটিফ’। পুরোনো মসজিদের ভিতরে প্রবেশের জন্য উত্তর-দক্ষিণে ১টি এবং পূর্ব দিকে ৩ টি দরজা ছিল। বর্তমানে প্রবেশর জন্য ৫টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। বাংলাদেশের প্রচলিত ১০০ টাকার নোটে তারা মসজিদ বা সিতারা মসজিদের ছবি স্থান পেয়েছে।
কিভাবে যাবেন?
ঢাকার যেকোনো স্থান থেকে সিএনজি বা রিকশা নিয়ে প্রথমে পুরান ঢাকার চানখাঁরপুল মোড় আসতে হবে। চানখাঁরপুল থেকে রিকশায় আরমানিটোলা ‘তারা মসজিদ’ পৌঁছাতে ৩০ টাকা মতো ভাড়া লাগতে পারে।






