আবদুস সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের অবস্থান ফেনী জেলায়। ফেনী শহর থেকে ১৩ কি:মি: দূরে অবস্থিত দাগনভূঁঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের সালাম নগর গ্রামে এটি অবস্থিত। মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত ভাষা শহীদ আবদুস সালামের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে সালাম নগর। ১৯২৫ সালের ২৭ই নভেম্বর এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনে তার অবদানের স্বীকৃতি প্রদান এবং তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার আব্দুস সালামের নামানুসারে ফেনী জেলায় নির্মাণ করেছেন স্টেডিয়াম, মিলনায়তন, প্রথামিক ও উচ্চ বিদ্যালয় ও এই স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারটি। ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি ২০০৮ সালের ২৬শে মে উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান আবদুল্লাহ আবু সায়ীদ। ১২ শতক জায়গাজুড়ে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। উদ্বোধনকালে গ্রন্থাগারে ছিলো প্রায় সাড়ে তিন হাজার বই। গত বছর আগষ্টের বন্যায় ব্যাপক ক্ষতিসাধন হয় এখানকার গ্রন্থাগারটির। নষ্ট হয় অধিকাংশ বই।এরপর থেকেই পাঠক সংখ্যা প্রায় তলানিতে ঠেকেছে। অধিকাংশ দিন ই বন্ধ থাকছে এই গ্রন্থাগারটি। সংস্কার এর আশায় থাকা গ্রন্থাগারটিকে আলোর দিশা দেখাতে এখন প্রয়োজন আবারও দর্শনার্থীদের নিয়মিত আনাগোনা। জাদুঘর এর প্রবেশপথে রয়েছে শহীদ আব্দুস সালাম এর খোদাই করা একটি ছবি। পাশাপাশি এখানে আছে একটি শহীদ মিনার। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে জাদুঘরটির প্রাঙ্গণে বইমেলা আয়োজিত হয়। বর্তমানে ফেব্রুয়ারিতেই জমজমাট হয় এই স্থানটি এখন।
যাওয়ার উপায়
ঢাকা থেকে চট্টগ্রামগামী বাস কিংবা ট্রেনে করে প্রথমে চলে আসতে হবে ফেনী। বাসে করে আসলে নামতে হবে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে। ঢাকা থেকে প্রতি বিশ মিনিট পর পর ফেনীর উদ্দেশ্যে রওনা হয় স্টার লাইন স্পেশাল, এস আলম, শ্যামলী সহ এসি এবং নন এসি বাসগুলো। ভাড়া পড়বে জনপ্রতি ৩০০-৫০০ টাকা এসি, নন- এসি ভেদে। ট্রেনে আসলে জনপ্রতি ভাড়া ১২৫-২৮৮ টাকা পর্যন্ত দিয়ে নেমে পড়তে হবে ফেনী রেলস্টেশনে। সেখান থেকে অটো কিংবা সিএনজি তে করে আসতে হবে মহিপাল বাসস্ট্যান্ডে। মহিপাল মোড় হতে আবদুস সালাম স্মৃতি জাদুঘরের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। ফেনী-নোয়াখালী সড়কের ডান পাশে অবস্থিত মাতুভূঞা সেতুর নিকটেই জাদুঘরটির অবস্থান। মহিপাল বাসস্ট্যান্ড থেকে আল আমীন, সুগন্ধা সহ বেশ কিছু বাসে ২০-২৫ টাকা ভাড়ায় কিংবা সিএনজি তে করে এই পথ পাড়ি দিতে হবে।
কোথায় থাকবেন
নিম্নে ফেনী শহরের কয়েকটি আবাসিক হোটেল এবং সার্কিট হাউজের তথ্য প্রদান করা হলো –
ফেনী সার্কিট হাউজ
অবস্থানঃ বিজয়সিংহ দিঘী, ফেনী
যোগাযোগঃ ০১৭১৩১৮৭৩০৪ (ডেপুটি কালেক্টর)
হোটেল ডায়না
অবস্থানঃ মহিপাল, ফেনী
যোগাযোগঃ +৮৮০ ১৭১৯২১২২৫২
হোটেল গার্ডেন ইন
অবস্থানঃ ইসলামপুর রোড, ফেনী
যোগাযোগঃ +৮৮০ ১৭১৭৮৬৩২২
হোটেল মিড নাইট
অবস্থানঃ এস এস কে রোড, ফেনী
যোগাযোগঃ ০৩৩১-৬২২২৩
হোটেল অবকাশ
অবস্থানঃ তাকিয়া রোড, ফেনী
যোগাযোগঃ ০৩৩১-৭৩৬৪৮
কি খাবেন
ফেনী ভ্রমণ করলে শহরের খন্ডলহাই বাজারের মিষ্টির দোকান থেকে এখানের বিখ্যাত খন্ডলের মিষ্টি খেতে ভুলবেন না। এছাড়াও স্বাদ নিতে পারেন ইসলামিয়া সুইটস এর জিলাপি এবং জালালিয়ার সিঙ্গারার। পাশাপাশি বিখ্যাত লেবুর কাজী কিংবা শীতের নানা রকম স্থানীয় পিঠা সহ বিভিন্ন শুটকি তরকারির রয়েছে বেশ সুনাম।

