চোখ বন্ধ করুন আর ভেবে দেখুন , চারিদিকে শিমুলের বর্ণিল রঙ, সারিসারি গাছ, ওপারে মেঘালয় পাহাড় আর মাঝখানে বয়ে গেছে জাদুকাটা নদী। আপনি দাঁড়িয়ে আছেন ঠিক মাঝখানটায়! কেমন লাগবে? ঠিক এমনই একটা জায়গা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে ওঠা নয়নাভিরাম শিমুল বাগান (Shimul Bagan)। গাছের প্রতি তীব্র আকর্যণ থেকে ২০০৩ সালের গোড়ার দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন সম্পূর্ণ শখের বসে গড়ে তোলেন প্রায় তিন হাজার গাছের বিশাল এই বাগান। ফাগুনের রঙে শিমুলের লাল মিশে কেমন মোহময় একটা আবহ তৈরী হয় এখানে। তুলনামূলক নতুন এই দর্শনীয় স্থান দেখতে তাই ফাল্গুনের শুরুতেই যাওয়া ভালো। শিমুলের বাগান ভ্রমনের আগে চলুন জেনে নিন শিমুল বাগানে কিভাবে আসবেন, থাকার ব্যবস্থা কি, খাবেন কোথায় ইত্যাদি।
যেতে চাইছেন
এক্ষেত্রে আপনাকে প্রথমেই যেতে হবে সুনামগঞ্জে। ঢাকা থেকে গেলে যেকোন সিলেটের বাস এনা, শ্যামলীতে চড়ে নেমে যাবেন সুনামগঞ্জ। খরচ ৫০০ এর ভেতর। ট্রেনে যেতে চাইলে সিলেট নেমে সেখান থেকে সুনামগঞ্জ যেতে হবে। সেখান থেকে বারিক টিলার জন্য বাইক নিতে হবে। খরচ হবে ১৫০ থেকে ২০০ টাকা যেটা সিজনভেদে আর আপনার দামাদামি করার দক্ষতার উপর নির্ভর করবে। বাইক নামিয়ে দেবে জাদুকাটা নদীর সামনে। খেয়া দিয়ে নৌকা পাড় হলেই বারেক টিলা। সেখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আপনার গন্তব্য। শিমুল বাগান যাওয়ার উপায় তো জেনে নিলেন। থাকতে চাইলে সেটারও ব্যবস্থা আছে।
থাকবেন কোথায়
উত্তরটা বারেক টিলার কাছেই বড়ছড়া বাজারে। সেখানে রেস্টহাউজ গুলোয় থাকতে পারবেন। খরচ পড়বে ২০০-৫০০ টাকার মধ্যে। এছাড়াও সুনামগঞ্জের বিভিন্ন হোটেলে থাকতে পারবেন আড়াইশ থেকে এক হাজার টাকায়। এমন কয়েকটি রেস্ট হাউজ হলোঃ
- হোটেল সাপিনিয়া, জগন্নাথবাড়ি রোড
- হোটেল নূরানী, পুরাতন বাসস্ট্যান্ড
- হোটেল নূর, পূর্ববাজার স্টেশন রোড
- সুরমা ভ্যালী আবাসিক রিসোর্ট
এছাড়াও উপজেলা গেস্ট হাউজে থাকতে পারবেন, যদিও সেক্ষেত্রে উপজেলা চেয়ারপম্যানের সুপারিশ লাগবে। যোগাযোগ করতে পারেন ০১৭১৫১৭২২৩৮ এই নাম্বারে।
আবার উপজেলা ডাক বাংলোতে থাকার জন্য যোগাযোগ করতে পারেন ০১৭২৪৯৬৮১৬১ নাম্বারটিতে।
খাবেন কোথায়
খাবারের দোকান আছে বারেক টিলাতেই। এছাড়াও বড়ছড়া বাজারে খেতে পারবেন এমন অনেক ছোট খাট রেস্তোরাঁ রয়েছে যেখানের খাবারে পাবেন ভিন্ন স্বাদ। আছে হাওড়ের নানা ধরণের মাছ, ভর্তা ভাজি এবং স্বাদ পাবেন তাজা সবজিরও।
শিমুল বাগান ঘুরতে এসে বোনাস হিসেবে আশেপাশেই আরো দেখে নিতে পারবেন;
- নীলাদ্রী লেক বা শহীদ সিরাজ লেক
- টাংগুয়ার হাওর
আর সাথে জাদুকাটা নদীর অপরূপ জাদু তো আছেই। একজন ভ্রমণপিপাসু হয়ে এমন দৃশ্য দেখার লোভ সামলানো যায়?

