রোজ গার্ডেন

রোজ গার্ডেন প্যালেস ঢাকা

রোজ গার্ডেন বা রোজ গার্ডেন প্যালেস (Rose Garden Palace) পুরান ঢাকার টিকাটুলিতে অবস্থিত প্রাচীন ঐতিহ্য ও অনন্য স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। ব্যক্তিগত বাসস্থান হিসেবে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় ভবনটি রাজনীতির সাথে জড়িয়ে যায়। প্রাসাদটির আঙিনায় অনেক গোলাপ গাছ আছে, যার কারণে এই বাগানবাড়িটি ‘রোজ গার্ডেন’ নামে পরিচিতি লাভ করে।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে রোজ গার্ডেন প্যালেস উল্লেখযোগ্য। স্থাপনাটির চারপাশের নান্দনিক নকশা, বিস্তীর্ণ উন্মুক্ত চত্বর এবং অতীতের গৌরব দর্শনার্থীদের আকৃষ্ট করে। ঢাকার প্রাচীন  ঐতিহ্য ও স্থাপত্য আপনি যদি কাছে থেকে অনুভব করতে চান, তাহলে রোজ গার্ডেন আপনার জন্য হতে পারে একটি দারুণ ভ্রমণস্থান।

এই আর্টিকেল থেকে আমরা জানব রোজ গার্ডেন কোথায় অবস্থিত এবং এর ইতিহাস। এছাড়া জানব রোজ গার্ডেন খোলা-বন্ধের সময়সূচি ও সাপ্তাহিক বন্ধের দিন এবং প্রবেশের টিকিটমূল্য। পাশাপাশি কিভাবে যাবেন ইত্যাদি ভ্রমণবিষয়ক সকল তথ্য নিয়ে আলোচনা করব।

রোজ গার্ডেন কোথায় অবস্থিত?

রোজ গার্ডেন প্যালেস ঢাকা শহরের পুরান ঢাকার টিকাটুলির কে. এম. দাস লেনে অবস্থিত। এটি মূলত টিকাটুলির বিখ্যাত ‘রাজধানী সুপার মার্কেট’ এর ঠিক উল্টো পাশের রাস্তা ধরে কিছুটা ভেতরে গেলেই দেখা যায়। ঢাকার কেন্দ্রস্থল জিরো পয়েন্ট (গুলিস্তান) থেকে রোজ গার্ডেনের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। এছাড়া মতিঝিল (শাপলা চত্বর) থেকে দূরত্ব প্রায় ২ কিলোমিটার এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২. ৫ কিলোমিটার। 

রোজ গার্ডেনের ইতিহাস

ঢাকার তৎকালীন ধনাঢ্য ব্যবসায়ী ও জমিদার ঋষিকেশ দাস ‘রোজ গার্ডেন’ প্রাসাদটি নির্মাণ করেন। লোকমুখে শোনা যায়, তখনকার অন্যতম বিখ্যাত বাগানবাড়ি ‘বলধা গার্ডেনের’ এক জলসায় নিম্নবর্ণের হিন্দু পরিবার থেকে উঠে আসা ঋষিকেশ দাসকে তীব্রভাবে অপমান করা হয়েছিল। এরপর তিনি তাঁর নিজের আভিজাত্য প্রমাণ করতে বলধা গার্ডেনের চেয়েও জমকালো প্রাসাদ ও বাগান তৈরির সিদ্ধান্ত নেন। প্রথমে কে এম দাস এলাকায় তিনি ২২ বিঘা জমি কিনেন। এরপর ১৯৩০ সালের দিকে জাপান, চীন, ভারত ও ইউরোপের মতো বিভিন্ন দেশ থেকে বৈচিত্র্যময় গোলাপের চারা এনে বিশাল গোলাপ বাগান গড়ে তোলেন। পরবর্তীতে (১৯৩১ সালে) গোলাপ বাগান রেখে পিছনেই তিনি প্রাসাদটি নির্মাণ করেন।

প্রাসাদ নির্মাণের পর ঋষিকেশ দাস অর্থাভাবে পড়ে বাড়িটি ব্যবসায়ী খান বাহাদুর কাজী আব্দুর রশিদের কাছে বিক্রি করতে বাধ্য হন। নতুনভাবে প্রাসাদের নাম হয় ‘রশিদ মঞ্জিল’। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর তাঁর বড় ছেলে কাজী মোহাম্মদ বশীর (হুমায়ূন সাহেব) এর মালিকানা পায়। ১৯৬৬ সালের দিকে তিনি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রাসাদটিকে ‘বেঙ্গল স্টুডিও’ হিসেবে ভাড়া দেন। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ সরকার ভবনটি সংরক্ষণের উদ্দেশ্যে কিনে নেয়।

এছাড়া রোজ গার্ডেন প্যালেস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর এখানেই ১৯৪৯ সালের ২৩ জুন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ (বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ) দলটির জন্ম হয়। ভবনের নিচতলাতে ৮টি কক্ষ, ১টি হলরুম ও কারিন্থিয়ান কলাম আছে এবং উপরের তলাতেও ১টি হলে ও ৫টি কক্ষ আছে। বাগানে দেখা যায় মার্বেল পাথরের তৈরি মূর্তি। তবে যে গোলাপ বাগানের জন্য এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল, সেই গোলাপ বাগান এখন আর নেই। 

রোজ গার্ডেন প্যালেসের স্থাপত্যশৈলী

রোজ গার্ডেন প্যালেসের অন্যতম আকর্ষণ এর দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী। প্রায় ৭ হাজার বর্গফুট আয়তনের দ্বিতল ভবনটিতে ইউরোপীয় ও গ্রিক স্থাপত্যরীতির প্রভাব দেখা যায়। বিশেষ করে ভবনের সামনের অংশের করিন্থীয় স্তম্ভ, খিলানযুক্ত দরজা, মার্বেল পাথরের সিঁড়ি এবং কারুকার্যখচিত বারান্দা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

ভবনের ভেতরে রয়েছে পুরোনো নকশার ঝাড়বাতি, মার্বেল পাথরের মেঝে, কাঠের কারুকাজ এবং রঙিন কাচের তৈরি দরজা-জানালা। এছাড়া বাগান প্রাঙ্গণে রয়েছে মার্বেল পাথরের ভাস্কর্য, ফোয়ারা ও পুকুর। এসব স্থাপত্য উপাদান প্রাসাদটির ঐতিহাসিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

একসময় গোলাপ ফুলের বিশাল বাগানের জন্য পরিচিত হলেও বর্তমানে সেই পুরোনো বাগান আর আগের অবস্থায় নেই। সংস্কার করা বাগান প্রাঙ্গণ এবং প্রাসাদের স্থাপত্যই এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।

সময়সূচি ও সাপ্তাহিক বন্ধ

রোজ গার্ডেন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল ১১:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। এটি সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবার বন্ধ থাকে। সরকারি বিশেষ ছুটির দিনগুলোতে স্থাপনাটি সাধারণত বন্ধ থাকে। তবে ঋতুভেদে এই সময়সূচিতে কিছুটা পরিবর্তন দেখা যায়:

  • গ্রীষ্মের সময় (এপ্রিল থেকে সেপ্টেম্বর): সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬: ০০ টা পর্যন্ত
  • শীতের সময় (অক্টোবর থেকে মার্চ): সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত। 

প্রবেশের টিকিটমূল্য

রোজ গার্ডেনে প্রবেশের জন্য সাধারণত টিকিটমূল্য হয়ে থাকে

  • সাধারণ দর্শনার্থী: ৩০ টাকা 
  • শিক্ষার্থী (আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে): ১০ টাকা 
  • ১০ বছরের কম বয়সী শিশু: ফ্রি (টিকিট লাগবে না)
  • সার্কভুক্ত দেশের দর্শনার্থী: ২০০ টাকা 
  • অন্যান্য বিদেশী পর্যটক: ৪০০ টাকা

রোজ গার্ডেন প্যালেস যাবেন কীভাবে?

রোজ গার্ডেন প্যালেস পুরান ঢাকার টিকাটুলির কে. এম. দাস লেনে অবস্থিত। ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস, রিকশা, সিএনজি অথবা রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে সেখানে যাওয়া যায়।

গুলিস্তান থেকে: গুলিস্তান থেকে রিকশা বা সিএনজি নিয়ে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের কাছে যেতে পারবেন। সেখান থেকে কে. এম. দাস লেন ধরে কিছুটা ভেতরে গেলেই রোজ গার্ডেন প্যালেস পাওয়া যাবে।
মতিঝিল থেকে: মতিঝিল বা শাপলা চত্বর থেকে রিকশা নিয়ে টিকাটুলি যেতে পারবেন।
যাত্রাবাড়ী থেকে: যাত্রাবাড়ী থেকে বাস বা রিকশায় রাজধানী সুপার মার্কেটের কাছে এসে সেখান থেকে হেঁটে অথবা রিকশায় গন্তব্যে পৌঁছানো যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে: কমলাপুর থেকে রিকশা বা সিএনজি নিয়ে টিকাটুলির কে. এম. দাস লেনে যাওয়া যায়।

রিকশাচালককে ‘রোজ গার্ডেন’ অথবা ‘হুমায়ুন সাহেবের বাড়ি’ বললে জায়গাটি চিনতে সুবিধা হবে। তবে পুরান ঢাকার সরু রাস্তার কারণে গাড়ি নিয়ে একেবারে ভবনের প্রবেশপথ পর্যন্ত পৌঁছানো সবসময় সম্ভব নাও হতে পারে।

রোজ গার্ডেন প্যালেস সম্পর্কে সাধারণ প্রশ্ন

১. রোজ গার্ডেন প্যালেস কোথায় অবস্থিত?

রোজ গার্ডেন প্যালেস পুরান ঢাকার টিকাটুলির কে. এম. দাস লেনে অবস্থিত। এটি রাজধানী সুপার মার্কেটের বিপরীত পাশের রাস্তা দিয়ে কিছুটা ভেতরে গেলেই পাওয়া যায়।

২. রোজ গার্ডেন প্যালেসের প্রবেশ টিকিট কত টাকা?

বাংলাদেশি সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা। ১০ বছরের কম বয়সী শিশুদের প্রবেশ বিনামূল্যে।

৩. রোজ গার্ডেন প্যালেস সপ্তাহে কোন দিন বন্ধ থাকে?

রোজ গার্ডেন প্যালেস প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। সোমবার দুপুর ২টা থেকে দর্শনার্থীদের প্রবেশের সুযোগ থাকে।

৪. রোজ গার্ডেন প্যালেস কখন খোলা থাকে?

প্রকাশিত সাম্প্রতিক সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। সরকারি ছুটিতে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

৫. রোজ গার্ডেন প্যালেস কে নির্মাণ করেন?

তৎকালীন ব্যবসায়ী ও জমিদার ঋষিকেশ দাস রোজ গার্ডেন প্যালেস নির্মাণ করেন। ১৯৩০ সালের দিকে তিনি গোলাপ বাগান তৈরির কাজ শুরু করেন এবং পরবর্তী সময়ে সেখানে প্রাসাদ নির্মাণ করেন।

৬. রোজ গার্ডেন কেন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ?

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেন প্যালেসে অনুষ্ঠিত সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এ কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভবনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

৭. রোজ গার্ডেন প্যালেস দেখতে কতক্ষণ সময় লাগে?

প্রাসাদ ও বাগান প্রাঙ্গণ ঘুরে দেখতে আনুমানিক ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় রাখতে পারেন। তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত অংশের ওপর সময় নির্ভর করবে।

৮. রোজ গার্ডেন প্যালেস কি বর্তমানে দর্শনার্থীদের জন্য খোলা?

হ্যাঁ, ২০২৫ সালের ৩০ জুলাই সংস্কারের পর প্রাসাদটি দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। তবে ভবনের সব কক্ষ সবসময় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে না।

তথ্যসূত্র 

  • প্রত্নতত্ত্ব অধিদপ্তর

  • বাংলাপিডিয়া

  • বাংলাদেশ পর্যটন করপোরেশন

  • প্রথম আলো

  • ডেইলি স্টার

এই পোস্টটি কেমন লেগেছে?

রেটিং দিতে নিচের স্টারগুলোতে ক্লিক করুন।

Average rating 0 / 5. Vote count: 0

এখনও কোনো রেটিং পড়েনি। আপনিই প্রথম রেটিং দিন।

আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!